প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করছি আমরা। জেলা পরিষদ ভবনে ১৪ তলার ১০ হাজার বর্গফুট এই জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।’
মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রামের সুদীর্ঘ পথচলার বিভিন্ন ধরনের ইতিহাস, এই অঞ্চলের পুরোনো ঐতিহ্য, সাংস্কৃতিক বৈত্র্যিসহ সব ধরনের বিষয় একটি ছাদের নিচে সংরক্ষণ করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম এক জায়গা থেকেই চট্টগ্রামকে জানতে পারে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বন্দরনগরীর অতীত ইতিহাস, জনজীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিবর্তনের নানা অধ্যায় জানার সুযোগ তৈরি হবে।’
তিনি বলেন, ‘দেশের আর কোথাও সম্ভবত এমন জাদুঘর প্রতিষ্ঠিত হয়নি। এটাই প্রথম উদ্যোগ। কীভাবে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, সেখানে কী কী বিষয় থাকবে, কীভাবে ইতিহাসের উপকরণগুলো তুলে আনা হবে—তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করবে, তার বিস্তারিত জানানোর পর আমরা পরিকল্পনা নিয়ে অগ্রসর হব।’
জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের পরিকল্পনায় শুধু কিছু পুরোনো নিদর্শন সংরক্ষণ বা প্রদর্শনই নয়; চট্টগ্রামের ইতিহাস ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কাজ করা হবে।
ইতিহাস সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাগর নদী ও পাহাড়ঘেরা প্রাকৃতিক বৈচিত্র্যের শহর চট্টগ্রাম। হাজার বছরের বৈদেশিক বাণিজ্য, নৌযাত্রা, ঔপনিবেশিক শাসন, রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম। কর্ণফুলী নদী ও সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা এ জনপদ একদিকে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। আরাকান, পর্তুগিজ, মোগল ও ব্রিটিশ শাসনের নানা স্মারক, বন্দরকেন্দ্রিক বাণিজ্যের দলিল, পুরোনো স্থাপত্য, ভাষা-সাহিত্য, লোকসংগীত এবং পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনাচার এ অঞ্চলের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
প্রস্তাবিত জাদুঘরে চট্টগ্রামের প্রাচীন মানচিত্র, দুর্লভ আলোকচিত্র, পুরোনো সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, বন্দর ও নৌবাণিজ্যের স্মারক, মুক্তিযুদ্ধের উপকরণ, লোকজ শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, মৃৎশিল্প এবং বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিদর্শন সংগ্রহের বিষয়টি বিবেচনায় আসতে পারে। একই সঙ্গে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক, সমাজসংস্কারক ও মুক্তিযোদ্ধাদের জীবন ও অবদানও তুলে ধরা হতে পারে।
জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত জাদুঘরটি কেবল প্রদর্শনীমূলক কিছু নয়, বরং চট্টগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা, শিক্ষার্থীদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনী, পুরোনো দলিল ও ছবি ডিজিটাল সংরক্ষণ এবং প্রবীণদের স্মৃতিচারণ করার সুযোগও রাখা হবে। এতে জাদুঘরটি হয়ে উঠতে পারে এই অঞ্চলের ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঐতিহাসিক যেসব উপকরণ কোনো ব্যক্তি বা পারিবারিক সংগ্রহে আছে, সেগুলো এখানে প্রদর্শন কিংবা ডিজিটালভাবে সংরক্ষণ করার সুযোগ দেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘চট্টগ্রাম ইতিহাসচর্চা কেন্দ্রের’ সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন বলেন, ‘চট্টগ্রাম প্রাচীন ইতিহাসের সাক্ষী, সভ্যতা বিনির্মাণে আড়াই হাজার বছরের ইতিহাসের সাথে আছে নিবিড় সম্পৃক্ততা। এই অঞ্চলের প্রত্নসম্পদ, প্রাচীন স্থাপত্য, পাহাড়, সমুদ্র, নদী-দীঘি ও রাজা-বাদশাহর বহু নিদর্শন হারিয়ে যেতে বসেছে। পৃথিবীর নৌযোগাযোগ ও সমুদ্র বাণিজ্যেই চট্টগ্রাম বন্দরের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের। ব্রিটিশবিরোধী আন্দোলন সূচনাকালে হাবিলদার রজব আলীর সিপাহী বিদ্রোহ, পরবর্তীতে মাস্টারদা সূর্যসেন, কাজেম আলী মাস্টার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ বহু ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতার জন্মভূমি এই চট্টগ্রাম। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রামের মাটি থেকে ইতিহাসে সংযোজিত হয়েছে। এসব স্মৃতি সংরক্ষণে চট্টগ্রাম জেলা পরিষদ যে জাদুঘর করার উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে একটি স্থানেই পুরো প্রাচীন চট্টগ্রাম সবার দৃশ্যপটে উন্মোচিত হবে।’


