প্রাইম ভিশন ডেস্ক »
বিয়ে করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতায় ঘরোয়া আয়োজনে জাহাজ প্রকৌশলী (মেরিন ইঞ্জিনিয়ার) সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করেন তিনি। বিয়ে নিবন্ধনের সময় দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।
এর আগের দিন দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে বাগদান অনুষ্ঠানও সেরেছেন ‘রক্তবীজ’খ্যাত এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন মিমি। ছবিগুলোর বর্ণনায় একাধিক লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
প্রথম ছবিতে আলো-ছায়ায় নবদম্পতির অবয়ব ফুটে উঠেছে। সেখানে দুজন বিয়ের আংটি প্রদর্শন করছেন। পরের দুটি ছবিতে সিদ্ধার্থকে বিয়ের নিবন্ধনপত্রে সই করতে এবং মিমিকে তার আঙুলে বিয়ের আংটি পরিয়ে দিতে দেখা গেছে।
শেষ ছবিতে সিদ্ধার্থকে জড়িয়ে ধরে আছেন মিমি। তবে ভক্তদের কৌতূহল জিইয়ে রাখতে কৌশলে স্বামীর মুখ আড়াল করেছেন অভিনেত্রী।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন মিমি ও সিদ্ধার্থ। তবে এতদিন প্রকাশ্যে সিদ্ধার্থকে নিয়ে কোনো কথা বলেননি অভিনেত্রী।
জলপাইগুড়ির মেয়ে মিমি আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সিদ্ধার্থের সঙ্গে প্রথাগত রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন।
জানা গেছে, তিন দিন ধরে চলবে বিয়ের উৎসব, যার সমাপ্তি ঘটবে ৫ ডিসেম্বর। মিমির নিজ শহর জলপাইগুড়িতেও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হতে পারে।
চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রের খবর, বাংলা চলচ্চিত্রজগতের বন্ধু ও সহকর্মীদের জন্য আগামী ১১ ডিসেম্বর কলকাতায় জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তৃণমূল কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্য।
প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ভাবনায় নির্মিত টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারের’ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান মিমি চক্রবর্তী।
পরবর্তী সময়ে বোঝেনা সে বোঝেনা, শুধু তোমারই জন্য, গ্যাংস্টার, পোস্ত, ড্রাকুলা স্যার ও ভানুপ্রিয়া ভূতের হোটেল সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
সবশেষ পূজা উপলক্ষে মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র চলচ্চিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া যাহা বলিব সত্য বলিব ও ডাইনির মতো অনলাইন ধারাবাহিকেও অভিনয় করেছেন মিমি।
২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি চক্রবর্তী। ওই বছরের সাধারণ নির্বাচনে বহুল আলোচিত যাদবপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি।


