প্রাইম ভিশন ডেস্ক »
সাতক্ষীরা সদরের অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী মরিয়ম আক্তারের (ছদ্মনাম) বিবাহ হয় আগস্টে। প্রতিদিনের মতো বিবাহের দিনেও স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন আর যাওয়া হয়নি। পরিবারের পছন্দে বিবাহ হয় স্থানীয় এক প্রবাসী যুবকের সঙ্গে। মরিয়ম বিবাহ ভাঙতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি হটলাইনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।
মরিয়মের মতো দেশে এখনো প্রতিদিন শত শত কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) হিসেবে দেশে এখনো ৪৭ দশমিক ২ শতাংশ কিশোরীর ১৮ বছরের আগে বিবাহ হয়। সংস্থাটির ২০২৪ সালের বাংলাদেশ বিষয়ক প্রোফাইলে বলা হয়েছিল, দেশে ১৮ বছরের আগে বিবাহ হওয়া নারী ও মেয়ের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। এর মধ্যে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহ হয়েছে ২ কোটি ৩৪ লাখের। তবে ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত ইউনিসেফ ও ইউএনএফপিএর একটি পর্যালোচনায় এ সংখ্যা ৪ কোটি ১৬ লাখ বলে উল্লেখ করা হয়েছে।
আজ আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। এ বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দিবসটি গৃহীত হয়। দিবসটি উপলক্ষে জাতিসংঘ বলছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটি ২০ লাখ মেয়ে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিবাহের শিকার হয়। ২০২৬ সালে জীবিত নারী ও মেয়েদের মধ্যে আনুমানিক ৬৫ কোটি মেয়ের বিবাহ শৈশবেই হয়েছিল। এছাড়া আনুমানিক ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিবাহের পরিস্থিতিতে বসবাস করছে, যাদের দুই-তৃতীয়াংশেরও বেশি মেয়ে। এসব প্রথার অসম প্রভাব পড়ে নারী ও মেয়েদের ওপর এবং তাদের জীবন ও ভবিষ্যতের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে। এসব কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হতে পারে, অর্থনৈতিক সুযোগ সীমিত হয়ে পড়তে পারে, শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে এবং তারা যৌন সহিংসতা ও শোষণসহ লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে পারে। এছাড়া নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয়া এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা ভোগ করার সক্ষমতাও তাদের সীমিত হয়ে পড়ে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ২০২৫ সালের মার্চে প্রকাশিত ‘গার্ল গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস?’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশকে বাল্যবিবাহের উচ্চ হারের দিক থেকে বিশ্বে অষ্টম এবং এশিয়ায় শীর্ষে রাখা হয়েছে। ওই প্রতিবেদনে ২০-২৪ বছর বয়সী নারীদের ৫১ দশমিক ৪ শতাংশের বিবাহ ১৮ বছর পূর্ণ হওয়ার আগে হয়েছে বলে উল্লেখ করা হয়।
দেশে নারীদের শিক্ষার হার বাড়লেও বাল্যবিবাহ কমছে ধীরগতিতে। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্যমতে, ২০১৯ সালে দেশে বাল্যবিবাহের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। পরে ছয় বছরে এ হার কমেছে মাত্র ৪ শতাংশ। ২০-২৪ বছর বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশের বিবাহ হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। অন্যদিকে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত।
বিশ্বে অনেক দেশ বাল্যবিবাহ কমিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে। পার্শ্ববর্তী ভারত, শ্রীলংকা ও নেপাল বছরে ৪ শতাংশ বাল্যবিবাহ কমিয়ে এনেছে। যেখানে আফ্রিকার দেশ গাম্বিয়া, গিনি-বিসাউ, টোগো, ঘানা ও রুয়ান্ডা গত ২৫ বছরে বাল্যবিবাহের হার ৪০-৬০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে। বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে হটলাইন সেবা ও শাস্তির ব্যবস্থা থাকলেও তা কাগজে সীমাবদ্ধ।
এদিকে দেশে সবচেয়ে বেশি বাল্যবিবাহের শিকার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) হিসাবে জেলাটিতে বাল্যবিবাহের হার প্রায় ৭৩ দশমিক ২৬ শতাংশ। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯৪ শতাংশ), ভোলা (৬৪ দশমিক ৯৬ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১০ শতাংশ) ও কুষ্টিয়া (৬২ দশমিক ৯০ শতাংশ)।
দেশে আইন থাকলেও বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করেন ‘প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। গতকাল গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার পাঠানো এক বিৃতিতে তিনি বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’


