প্রাইম ভিশন ডেস্ক »
এরপর অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি চেন ইয়ংকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে চীনের একটি পাসপোর্ট ও দুটি মোবাইলফোনসহ নানা সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্রমণ ভিসায় দেশে এসে টিকটকের সুবাদে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন চেন ইয়ং। এরপর প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রস্তাব দিতেন তিনি। স্ট্যাম্পে বিয়ের জাল কাগজপত্র বানিয়ে আস্থা অর্জন করার পর ভুক্তভোগীদের ঢাকার নানা জায়গার ভাড়া বাসায় নিয়ে যেতেন এবং সেখানে আটকে রেখে ধর্ষণ করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে তার বিয়ে করার তথ্য হাতে পেয়েছে পুলিশ।
চেন ইয়ংকে আটকের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে নানা বয়সের কয়েকজন নারী ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের মধ্যে ঢাকার সাভারের এক নারীও নিজেকে তার স্ত্রী বলে দাবি করেন।
পুলিশ জানায়, এই ঘটনায় আরও ভুক্তভোগী নারী থাকতে পারেন এবং এর নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। ওই স্কুলছাত্রীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


