চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এখন ভারতে বসে দেশে অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে নগরের নিউমার্কেট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালদিঘীর মোড়ে গিয়ে শেষ হয়।
শামীম বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁদের নেতৃত্বেই আগামীর সব ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যা, গুম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশুদেরও হত্যা করা হয়েছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষ হত্যার বিচার অবশ্যই হতে হবে। বিচারের প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এই বিচার থেকে কেউ রেহাই পাবে না। শহীদ ওয়াসিম, আবু সাঈদ, মুগ্ধসহ যাঁদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, তাঁদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নাশকতা, অগ্নিসংযোগ, বোমাবাজি, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মানুষ হত্যাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। গত ১৭ বছর দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তৃণমূলের সেই নেতাকর্মীরা এখনো রাজপথে আছেন। সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র-জনতা হত্যার বিচার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ধ্বংস ও দেশের সম্পদ লুটকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। দেশে-বিদেশে একটি চক্র তারেক রহমানের অগ্রযাত্রা ও বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ মিছিল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। গত ১৬-১৭ বছর নির্যাতন সহ্য করে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকতে হবে।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জাকিরের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান ও শিহাব উদ্দিন মুবিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম ও খোরশেদ আলম, বিএনপি নেতা আখতার খান ও ইকবাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. দিদার, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাদল ও সদস্য সচিব তসলিম, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস প্রমুখ।


