Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেস্বর্ণের দাম আবারও বাড়ল যে কারণে

স্বর্ণের দাম আবারও বাড়ল যে কারণে

প্রাইম ভিশন ডেস্ক »

চারদিনের ব্যবধানে আবার বেড়েছে স্বর্ণের দাম। টানা তিন দফা বাড়ার পর গত ১৭ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলেও এর চারদিন পরই আবার স্বর্ণেও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণেও (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাজুস।

সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২২৪ টাকা বেড়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণের কেনাবেচা করা হবে।

দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন নির্ধারিত মূল্যে স্বর্ণ ও রূপা বিক্রি করার অনুরোধ জানানো হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকা।

এর আগে, ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৩২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৭ হাজার ১২৬ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়