প্রাইম ভিশন ডেস্ক »
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। আজ ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কক্সবাজার সাগরপারের লাবণী পয়েন্টে মেলা ও কার্নিভাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কক্সবাজারের সব হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রয়েছে ৩০ থেকে ৭০ শতাংশ মূল্য ছাড়। পর্যটক তথা অতিথিদের দেওয়া হচ্ছে বিশেষ কিছু সুবিধাও।
‘পর্যটনের নতুন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি (বিএমসি) সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করছে। এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ অন্যতম সহযোগী (স্পন্সর) হিসেবে থাকছে।
জেলা প্রশাসক মো মামুনুর রশীদ বলেন, ‘আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই পর্যটন দিয়ে। কক্সবাজারই হচ্ছে দেশের পর্যটন রাজধানী। বিশ্বে ছড়িয়ে দিতে চাই এখানেই রয়েছে দুনিয়ার দীর্ঘতম সমুদ্রসৈকত। সেই সঙ্গে প্রতিবছরই যাতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একই তারিখে এ রকম মেলা বসে এমন তাগিদ নিয়ে এই আয়োজন।
হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম সিকদার বলেন, সপ্তাহব্যাপী আয়োজনের বিশেষ আকর্ষণে থাকছে কক্সবাজারের হোটেল-মোটেলগুলোতে অতিথি ভাড়ায় ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়। এ ছাড়া সব হোটেল-রেস্তোরাঁয় খাবারে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। মেলায় ২০০টি স্টল থাকছে।


