প্রাইম ভিশন ডেস্ক »
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎকালীন ট্রাইমিস্টার ২০২২ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা জানেন সরকারের আর্থিক ক্ষমতা সীমিত। দেশের সব ছেলেমেয়েকে বিনা পয়সায় লেখাপড়া করানো সম্ভব হয় না। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে পরিপূরক হিসেবে কাজ করছে।
নবীন শিক্ষার্থীদের সুন্দর জীবন প্রত্যাশা করে তিনি আরো বলেন, কর্মজীবন একটি বড় বিষয়। শিক্ষার একটি বড় উদ্দেশ্য হলো সুন্দর জীবনের অধিকারী হওয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সময় সফলতা ও ব্যর্থতার প্রশ্ন আসে। পড়াশোনা শেষে পাঁচ-সাত বছর পর কোথায় যাবে শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে। এখনই ভাবতে হবে কোথায় যাবে, না ভেবে শুধু পড়ালেখা করলে কাজ হবে না।
নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আনোয়ার। তিনি তার বক্তবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে চলে সুন্দর সুশৃঙ্খল আচরণ করে স্নাতক সম্পন্ন করার আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্স বিভাগের শিক্ষিকা পূনম মুৎসুদ্দী ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক সৌরভ অধিকারীর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মোহাম্মদ আলী আজম স্বপন, আহসানুল হক রিজন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব কামরুল হাসান তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশচন্দ্র রায়, রেজিস্ট্রার ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে রত্নগর্ভা বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৮৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের ৮২ জন মেধাবী শিক্ষার্থীকে।
নবীনবরণ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


