প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীর জামালখানে পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে আহত ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দুইজনে দাঁড়ালো।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নোবেল চাকমা।
মৃত রণ চক্রবর্তী (৬০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এছাড়া দেয়াল ধসে ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম মো. জসিম (৪১)। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
এডিসি নোবেল চাকমা বলেন, ‘জসিমকে প্রথমে পথচারী হিসেবে শনাক্ত করা হয়েছিল। তবে ভবন ভাঙার কাজের সঙ্গে যুক্ত লোকজন পরবর্তীতে আমাদের জানিয়েছেন, জসিমও তাদের সঙ্গে কাজ করছিলেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জামালখান সিকদার হোটেলের পাশে রতন ভট্টাচার্য নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন পরিত্যক্ত দোতলা ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, জসিমকে হাসপাতালে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রণ চক্রবর্তীকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।


