Tuesday, June 30, 2026
spot_img
Homeচট্টগ্রামপরিচালক গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে শনিবার পর্যন্ত অক্সিজেন কারখানা বন্ধ

পরিচালক গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে শনিবার পর্যন্ত অক্সিজেন কারখানা বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

সীমা গ্রুপের চেয়ারম্যান ও সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক (মালিক) পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং সংশ্লিষ্ট শিল্পপুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রামে সব অক্সিজেন কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

আজ বৃহস্পতিবার বিএসবিআরএর সীতাকুণ্ডের ভাটিয়ারী কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসবিআরএর সদস্য ও সীমা গ্রুপের মালিক সান্টুর বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে হাতকড়া পরিয়ে ও কোমড়ে রশি বেঁধে আদালতে হাজির করার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

বিএসবিআরএর সভাপতি মো. আবু তাহের জানিয়েছেন, এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন অক্সিজেন কারখানার মালিক, শিপ ব্রেকিং শিল্পের মালিকসহ সংশ্লিষ্ট অন্য শিল্পের মালিক ও শ্রমিকরা মানববন্ধন করবেন। সেই পর্যন্ত অক্সিজেন কারখানা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, সান্টুকে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণ সংক্রান্ত মামলায় শিল্পপুলিশ গ্রেপ্তার করে যেভাবে আদালতে হাজির করেছে তা অন্যায়, নিন্দনীয় এবং গর্হিত।

এ দুর্ঘটনায় মালিকপক্ষ মোট ১ কোটি ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পরও সীমা অক্সিজেন কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা কেন করা হলো তা বোধগম্য নয়। শিল্পপুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সান্টুর সঙ্গে এমন অন্যায় আচরণ করেছে বলে যোগ করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়