প্রাইম ভিশন ডেস্ক »
নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মো. ইউসুফ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মো. ইউসুফ ড্রেজারের ব্যবসা করেন।
কয়েকদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে বাসায় অবস্থানকালে ৪-৫ জন দুর্বৃত্ত তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি ছোড়ে। এসময় হাত, মুখ ও হাঁটুতে গুলিবিদ্ধ হন তিনি।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ওই ব্যবসায়ীকে রাতে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।


