Homeবাণিজ্যচট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

প্রাইম ভিশন ডেস্ক »

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে “৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪” এর উদ্বোধনী অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি বিকেলে রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, বিশেষ অতিথি চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ এবং গেস্ট অব অনার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং অতিথি হিসেবে ভারতীয় সহকারী হাইকমিশনার ডাঃ রাজীব রঞ্জন। চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ’র সভাপতিত্বে এ সময় সিআইটিএফ-২০২৪ কমিটির চেয়ারম্যান এ. কে. এম. আক্তার হোসেন ও সিআইটিএফ কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ, চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, আলমগীর পারভেজ, মোহাম্মদ আকতার পারভেজ, মোঃ রেজাউল করিম আজাদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন এবং ওমর মুক্তাদিরসহ সাবেক পরিচালকবৃন্দ, অনারারী কনসালবৃন্দ, সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ, সুশীল সমাজ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন-সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা যেমন মুনাফা করবে তেমনি ভোক্তাদেরও সক্ষমতা থাকতে হবে। কিন্তু অতি মুনাফার কারণে ভোক্তারা যেন নাভিশ্বাসে না পড়ে তা দেখতে হবে। তিনি বলেন-মেলায় পণ্য প্রদর্শনের মাধ্যমে দেশি-বিদেশী ক্রেতাদের কাছে যাওয়া যায়। কিন্তু বৈশ্বিক আমদানি-রপ্তানি বাণিজ্যে সক্ষমতা অর্জন করতে হলে আমাদের রপ্তানি পণ্যের উৎপাদনশীলতাকে আরো সমৃদ্ধ করতে হবে। তিনি আসন্ন পবিত্র রমজান মাসে ব্যবসায়ী ও ভোক্তাদের উভয়কেই সংযমী হবার আহবান জানান।

মেলার উদ্বোধক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেন-মাননীয় প্রধানমন্ত্রী চলতি বছরকে হস্তশিল্প বছর হিসেবে ঘোষণা করেছেন। আমরা প্রতিটি গ্রামের ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্য তুলে এনে বাজারজাতকরণের ব্যবস্থা করবো। যাতে বিশ্ববাজারে আমরা এসব হস্তশিল্প রপ্তানি করতে পারি। এ লক্ষ্যে প্রতিটি গ্রামকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের মাধ্যমে হস্তশিল্পের জন্য পরিচিতি করানো হবে। তিনি আরো বলেন-টিসিবি’র পণ্য নিতে যেন দীর্ঘ লাইন না হয় এজন্য যথাযথ ডিলার নিয়োগের মাধ্যমে প্রতিটি এলাকায় টিসিবির পণ্য প্রাপ্তি নিশ্চিত করার আহবান জানান। প্রতিমন্ত্রী একই সাথে আসন্ন রমজানে ভোগ্যপণ্যের কোন সংকট নেই উল্লেখ করে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উপস্থাপন করেন।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ ম্যাজিক অর্থনীতির দেশে পরিণত হয়েছে বলে বিশেষ অতিথি এম. এ. লতিফ এমপি বলেন-স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে রপ্তানি পণ্য ছিল মাত্র ৪৩টি। বর্তমানে সাড়ে ৪ হাজার আইটেম রয়েছে আমাদের রপ্তানি ঝুড়িতে। শুধুমাত্র বিদেশী স্টল থাকলেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় না বরং দেশীয় রপ্তানি পণ্যের বৈচিত্র্য থাকা মুখ্য বিষয়। পৃথিবীর বড় বড় শহরে বিশেষ করে বেইজিং ও সিউলের আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলোতে বিদেশী কোন স্টলই থাকে না।

গেস্ট অব অনার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন-বাণিজ্য মন্ত্রণালয়ের রেগুলেটরী বডিগুলোকে অটোমেশন করতে হবে। এর মাধ্যমে ইজ অব ডুয়িং বিজনেস নিশ্চিত হবে। তিনি চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস ও পানির মত অপরিহার্য ইউটিলিটিজ এর সংকট সমাধানে সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। তিনি আগামী চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জন্য স্থায়ী ভেন্যুর বরাদ্দের লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাবেন বলে ঘোষনা দেন।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-বেসরকারি খাতে দেশের বৃহৎ আয়োজন চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিন দশক পেরিয়ে ৩১তম আয়োজনে পা রেখেছে। এই যাত্রায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা থেকে শুরু করে বৃহৎ শিল্পোদ্যোক্তা এবং সকলকে আমরা পাশে পেয়েছি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেবল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরী করেছে তা নয়। এটি চট্টগ্রামের মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে। তিনি বলেন-মেলা আয়োজন করতে গিয়ে আমরা প্রতিবারই সমস্যার সম্মুখীন হচ্ছি। ঢাকায় যেমন প্রতিবছর নির্দিষ্ট তারিখে বাণিজ্য মেলা শুরু হয়, একটি স্থায়ী ভেন্যু না থাকার কারণে আমরা চাইলেও তা করতে পারি না। অত্র অঞ্চলের সকল ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য নিয়মিত প্রদর্শনের জন্য এবং বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের বাজার সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ঢাকার ন্যায় আন্তর্জাতিক মানের এক্সিবিশন ও কনভেনশন সেন্টার স্থাপনের নিমিত্তে চট্টগ্রাম নগরীতে সরকারি ভূমি বরাদ্দের দাবী জানান। এছাড়া চট্টগ্রামের ব্যবসায়ীদের পানি, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

ভারতীয় সহকারী হাইকমিশনার ডাঃ রাজীব রঞ্জন বলেন-ভারত-বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ আস্তে আস্তে এ অঞ্চলে রিজিওনাল হাবে পরিণত হয়ে উঠছে। তিনি এ ধরণের বাণিজ্য মেলা পণ্য উৎপাদনকারীদের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে বলে মন্তব্য করেন।

চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২৪ এর চেয়ারম্যান এ. কে. এম. আক্তার হোসেন মেলার সার্বিক বৈশিষ্ট্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত চলবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়