বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইসলামী ব্যাংক কাণ্ডে রিট করতে বললেন হাইকোর্ট

ইসলামী ব্যাংক কাণ্ডে রিট করতে বললেন হাইকোর্ট

প্রাইম ভিশন ডেস্ক »

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানির নাম ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা উত্তোলন এবং এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় রিট করতে বলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত পৃথক প্রতিবেদন আদালতের নজরে আনার পর আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

এদিন বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি আদালতের কাছে আদেশ প্রার্থনা করলে উচ্চ আদালত বলেন, ‘প্রতিবেদনগুলো সংযুক্ত করে রিট আবেদন আকারে কোর্টে আসুন।’

আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা আজই (বুধবার) আদালতে রিট করব।’

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাবিল গ্রেইন ক্রপস লিমিটেডের ভুয়া ঠিকানা ও নাবিল গ্রুপের অফিসের ঠিকানা ব্যবহার করে মার্টস বিজনেস লিমিটেড নামে কাগুজে কোম্পানির নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে দুই হাজার কোটি টাকা তুলেছে অসাধু চক্র।

চলতি বছর ইসলামী ব্যাংক থেকে আটটি প্রতিষ্ঠানের নামে প্রায় সাত হাজার কোটি টাকা তোলা হয়েছে। তবে ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ২ হাজার ৪৬০ কোটি টাকা তুলে নেওয়ায় মাসটিকে ‘ভয়ংকর নভেম্বর’ বলছেন ব্যাংকটির কর্মকর্তারা।

এ ছাড়া ইসলামী ব্যাংক থেকে একাই ৩০ হাজার কোটি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ, গত ২৯ নভেম্বর এমন প্রতিবেদন প্রকাশ করে দেশের আরেকটি জাতীয় দৈনিক। এই প্রতিবেদনও আদালতের নজরে আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়