Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেপৌনে ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার প্রকল্প অনুমোদন শিগগিরই

পৌনে ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার প্রকল্প অনুমোদন শিগগিরই

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য পৌনে ৯ হাজার কোটি টাকার প্রকল্পও চাচ্ছে ইসি। বিশাল আকার ও গাড়িসহ বিভিন্ন খাতের ব্যয় নিয়ে এরই মধ্যে আলোচিত প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘যত শিগগির সম্ভব ইভিএম কেনার প্রকল্প একনেকে অনুমোদন করা হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ডের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস না হলে ১৫০ আসনে ইভিএমে নির্বাচন সম্ভব নয়।

এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘১৫ জানুয়ারি কোনো রেড লাইন (লাল রেখা) নয়, এটা ১৮ জানুয়ারিও হতে পারে, ২০ জানুয়ারিও হতে পারে। এমনকি আগামীকালও ইভিএম প্রকল্প অনুমোদন হতে পারে। শুধু একনেক সভায় এগুলো অনুমোদন হয়, ব্যাপারটি তা নয়। তাদের (নির্বাচন কমিশন) সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা নিয়মকানুনের মধ্যেই ইভিএম নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে। যত শিগগির সম্ভব ইভিএম কেনার প্রকল্প একনেকে অনুমোদন করা হবে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর যেকোনো সরকার টাকা হিসাব করে খরচ করে। সেটা সুইজারল্যান্ড হোক আর মার্কিন যুক্তরাষ্ট্র হোক। যখনই কোনো প্রস্তাব আমাদের কাছে আসে, তখনই আমরা এগুলো আইন ও নিয়মকানুনের আওতায় দেখভাল করি। আমরা কতগুলো ইভিএম দেব একনেক সভার আগে পিইসি সভায় সেটা আলোচনা হয়। সভায় আমরাসহ নির্বাচন কমিশনের লোকজনও উপস্থিত থাকেন।’

এদিকে পরিকল্পনা কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বুধবার একনেকের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সভায় তোলা হবে এমন প্রকল্পের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ইভিএম প্রকল্পটি তালিকায় না থাকলেও সভায় সরাসরি আলোচনার টেবিলে উপস্থাপন করা হতে পারে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়