প্রাইম ভিশন ডেস্ক »
বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার পাঁচজন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার’ সদস্য বলে জানিয়েছে র্যাব। তারা পাহাড়ি এলাকায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছেলেন বলে র্যাবের দাবি।
আজ বৃহস্পতিবার বান্দরবানের মেঘলা জেলা পরিষদের কনফারেন্স হলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ (৩০), সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ (২১) এবং ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল।
এর আগে বুধবার (১১ জানুয়ারি) দিনভর অভিযান শেষে সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে র্যাব। এদের মধ্যে থানচি থেকে তিনজন এবং রোয়াংছড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা।
খন্ডকার আল মুঈন জানান, অর্থের বিনিময়ে পার্বত্য চট্টগ্রামের নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’ বা ‘কেএনএফ’ জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর আমির আনিসুর রহমান মাহমুদের সঙ্গে সমন্বয় রেখে ‘কেএনএফ’ প্রধান নাথান বম এসব সামরিক প্রশিক্ষণ পরিচালনা করছেন। জঙ্গিদের অর্থ দিয়ে ‘কেএনএফ’ ইতিমধ্যে ভাংচুং লিয়ান বমকে প্রধান করে তাদের সামরিক শাখাও গড়ে তুলেছে।
ভাংচুং লিয়ান বম নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দাবি করে ২০০ সদস্যের সামরিক বাহিনী পরিচালনা করছে। অন্যদিকে বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাড়ি ছেড়ে যে ৫৫ জন সদস্য পার্বত্য চট্টগ্রামে আত্মগোপন করে প্রশিক্ষণ নিচ্ছে তাদের অনেককেই ইতিমধ্যে আটক করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি তাতে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের নেটওয়ার্ক কেটে দিতে আমরা সক্ষম হবো। আমরা জঙ্গি সংগঠনের ১২ জন এবং ‘কেএনএফ’ এর ১৪ জনকে আইনের আওতায় নিয়ে এসেছি। অবশিষ্টদের আটক করে সফলতা অর্জন করতে হলে পাহাড়ি অঞ্চলে আরো বেশ কিছুদিন অভিযান চালাতে হবে।
সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তার পাঁচজনকে মাইক্রোবাসে তুলে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। র্যাব সূত্র জানায়, তাদেরকে রাঙ্গামাটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গত বছরের ২০ অক্টোবর বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ও রাঙ্গামাটির বিলাইছড়ির মধ্যবর্তী এলাকা থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাত সদস্য এবং তাদেরকে সামরিক প্রশিক্ষণ প্রদানকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর তিন সদস্যকে আটক করা হয়। বুধবার গ্রেপ্তারকৃত জঙ্গিদের একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


