প্রাইম ভিশন ডেস্ক »
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। দেশটি এমন দুর্দশা থেকে রক্ষা পেতে এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটির মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মুদ্রা রুপির বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। আজ মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়ে ২৮৭ দশমিক ২৯ রুপিতে পৌঁছেছে। গতকাল সোমবার যা ছিল ২৮৫ দশমিক শূন্য চার।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের দেওয়া তথ্যানুযায়ী, গত ২ মার্চ প্রতি ডলার সমান রুপি ছিল ২৮৫.০৯। এর আগে বিশ্লেষকরা, পাকিস্তানি রুপির রেকর্ড পতনকে আইএমএফ-এর সঙ্গে পাকিস্তান সরকারের অচলাবস্থাকে দায়ী করেন।
সম্প্রতি পাকিস্তানে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও দেশটিতে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক গলদ দেখা দিয়েছে।
এর আগে গত মার্চ মাসে দেশটির মুদ্রাস্ফীতি ৩৫.৩৭ শতাংশে পৌঁছেছে। যা দেশটিতে প্রায় পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ। এই মুদ্রাস্ফীতি সামনে আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।


