প্রাইম ভিশন ডেস্ক »
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা রবিবার বিকালে মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত আনার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে এরই মধ্যে উপকূলবর্তী রাজ্যটির লক্ষাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে তাদের বাড়িঘর ছেড়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, মিয়ানমার উপকূলে আঘাত হানার সময় ঝড়টির বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।
বেসামরিক জাতীয় ঐকের সরকার ও মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ সিত্তওয়ে কিয়াউকফিউ, মংডু, রাথেডাংসহ আরও বেশ কিছু অঞ্চলে রেড-লেভেল দুর্যোগ সতর্কতা জারি করেছে।
আরাকান আর্মির (এএ) মুখপাত্র খাইং থু খা বলেছেন, বুধবার (১০ মে) থেকে তারা এ পর্যন্ত ১ লাখ ২ হাজার রাখাইন বাসিন্দাকে সরিয়ে নিয়েছেন এবং তাদের স্বাস্থ্যসেবাসহ খাদ্য সরবরাহের বিষয়টি দেখভাল করছে।
খাইং থু ঝড় পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন। কারণ আরাকান আর্মির সামর্থ্য সীমিত।
আরাকান আর্মির মানুষকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়ায় সঙ্গে ছিলেন লেখক ওয়াই হিন অং। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাদের জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ ও টয়লেটের প্রয়োজন।


