প্রাইম ভিশন ডেস্ক »
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ইস্যুতে কিছু আরব নেতা চোখ বন্ধ করে রাখেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৯ মে) আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে এমনটা বলেন তিনি।
আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশ্যত, পৃথিবীতে এবং এখানে আপনাদের মধ্যে এমন কয়েকটি দেশ আছে যারা খাঁচা (যুদ্ধবন্দী) ও অবৈধ সংযুক্তির (ভূমি দখল) ক্ষেত্রে চোখ বন্ধ রাখেন। আমি এখানে এসেছি, যাতে সবাই সঠিকটা দেখতে পারে। রাশিয়া যতই প্রভাবিত করার চেষ্টা করুক না কেন, (দেখার ক্ষেত্রে) অবশ্যই স্বাধীনতা থাকতে হবে।
তিনি বক্তব্য দানকালে দাবি করেন, তার দেশ উপনিবেশিক ও সাম্রাজ্যবাদীদের থেকে নিজেদের রক্ষা করছে।
যদিও রিয়াদে চলমান আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগদানকারী একমাত্র দেশ সিরিয়াই প্রকাশ্যে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন করেছে। অন্য অনেক আরব দেশই সরাসরি মস্কোকে সমর্থন না করলেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। সৌদি আরব একদিকে যেমন রাশিয়াকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, ইউক্রেনকে ৪০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রদান করেছে। অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেরও সমালোচনা করেছে।
এদিকে আরব লীগের সম্মেলনে যোগদানের পর জাপানের হিরোশিমায় চলমান শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর সম্মেলনে রবিবার (২১মে) জেলেনস্কির যোগদানের কথা রয়েছে। সেখানে তিনি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সঙ্গে অধিবেশনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


