প্রাইম ভিশন ডেস্ক »
গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় লাইবেরিয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক ঘোষণায় এই নিষেধাজ্ঞার কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কতজনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
ব্লিঙ্কেন দাবি করেছেন, লাইবেরিয়ার সরকার কিংবা জনগণের ওপর লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাইবেরিয়ায় যারা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে, তাদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করেন, এই ব্যক্তিরা দেশটির নির্বাচী প্রক্রিয়ায় জালিয়াতি, সহিংসতা ও ফল প্রভাবিত করার চেষ্টা করছে।
আগামী মাসে লাইবেরিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান নেতা সাবেক ফুটবল তারকা জর্জ উইয়াহ আবারও নির্বাচন করছেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা এই নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে।
এর আগে গত বছর দুর্নীতির অভিযোগে তিন লাইবেরীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে রয়েছেন- প্রেসিডেন্ট উইয়াহর চিফ অব স্টাফ নাথানিল ম্যাকগিল।


