Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ায় চীনা রাষ্ট্রদূত যা বললেন

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ায় চীনা রাষ্ট্রদূত যা বললেন

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের বন্ধু দাবি করা একটি রাষ্ট্র বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার সকালে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তার আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানের কাছে ডেঙ্গু পরীক্ষার কিট কিট হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে ইয়াও ওয়েন বলেন, ‘একটি রাষ্ট্র নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করে; বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে। এরই মধ্যে তারা বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করছে।’

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এর পরিবর্তে আমরা বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক সাফল্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নতির জন্য সাহায্য করতে চাই। বাংলাদেশের প্রকৃত বন্ধু কে? সেটা বাংলাদেশের জনগণ জানে।’

এর আগে গত সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল সম্মেলন’-এর ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা’ শীর্ষক অধিবেশনে চীন নিয়ে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, ‘চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করতে পারে। এই প্রভাবের কারণে এ অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিতভাবে আমরা যে সমৃদ্ধি অর্জন করতে চাই, তা বাধাগ্রস্ত হতে পারে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়