শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠন ও দেশের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিক্ষানুরাগী নওশীন আরজান হেলাল।
সোমবার (২৯ জুন) উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নওশীন আরজান হেলাল বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের প্রথমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সে জন্য সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।
মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিকতা অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিচালনা পরিষদ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী শাহীনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য ও প্রভাষক মিসেস মোসফেকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন,গভর্নিং বডির সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য জাহেদা ইকবাল চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য এবং অধ্যাপক এস. এম. কাউছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম, কাজী কামাল উদ্দীন, মো. মঞ্জুর মিয়াসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিনের কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে বিদায় সংবর্ধনা শুরু হয়। স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রভাষক মো. দেলাওয়ার হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়। পরে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় এবং প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


