প্রাইম ভিশন ডেস্ক »
আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অ.) হাফিজ উদ্দিন আহমেদ। তার দল বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে তিনিও অংশ নেবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) হাফিজ উদ্দিনবলেন, ‘আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব।’
হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হচ্ছে– সরকারের একজম মন্ত্রীর এমন বক্তব্যের পর বিষটি রাজনৈতিক মহলে শুরু হয় জোরালো আলোচনা। বলা হচ্ছে, বিএনপিকে ভেঙে নতুন দল গঠনের উদ্যোগের যে আলোচনা এত দিন ছিল, ওই মন্ত্রীর বক্তব্যে তার পালে হাওয়া লেগেছে।
গতকাল সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটি থেকে নেতারা নির্বাচনে অংশ নেবেন। অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে (তৃণমূল বিএনপি) যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে।’
এ প্রসঙ্গে হাফিজ উদ্দিনের কাছে প্রশ্ন ছিল– আপনি নতুন দল করছেন, নির্বাচনে অংশ নেবেন বলে সরকারের মন্ত্রীরা দাবি করছেন। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?
জবাবে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। রাজনীতি নিয়ে কোনো চিন্তাভাবনা এই মুহূর্তে করছি না। আমি রাজনৈতিক পরিস্থিতি দেখতেছি।’
হাফিজ বলেন, ‘এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি… এই টুকুই আপনি লিখুন। এর বেশি কিছু এখন বলব না।’
৭৯ বছর বয়সি হাফিজ উদ্দিন আহমেদ গত দুই মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালেও ভর্তি ছিলেন।
তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। আমি সিএমএইচে ছিলাম। এরপর একবার সিঙ্গাপুরে গিছি চিকিৎসার জন্য। এখন শরীরটা ভালো যাচ্ছে না। আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাব। ভিসার জন্য আবেদন করব।’
দলীয় সিদ্ধান্তের বাইরে এক কর্মসূচিতে অংশ নেওয়ায় ২০২০ সালে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল বিএনপি।
মেজর হাফিজ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সে ছিলেন। যুদ্ধে সাহসিকতার জন্যে তিনি বীরবিক্রম খেতাব পান। সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন।
হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠন করলে তিনি পানিসম্পদমন্ত্রী ছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি। সরকারের দমননীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাগারেও যেতে হয়েছে তাকে।
মেজর হাফিজ উদ্দিন ফুটবলে ব্যাপক পরিচিত একটি নাম। তিনি জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার হিসেবে দীর্ঘ দিন খেলেছেন। বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ‘অর্ডার অব মেরিট’ প্রদান করে।


