প্রাইম ভিশন ডেস্ক »
কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত পর্যটন কেন্দ্র ডাল লেকে কয়েকটি হাউজবোটে আগুন লেগে নিহত তিন বাংলাদেশি পর্যটকের সবার বাড়ি চট্টগ্রামে।
তারা তিনজনই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখান থেকে কাশ্মীরে বেড়াতে গিয়ে তারা অগ্নি দুর্ঘটনায় পড়েন।
নিহতরা হলেন- রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত ও ঠিকাদার মো. মাঈনুদ্দীন।
মাঈনুদ্দীন ও ইমনের বাড়ি রাউজান উপজেলায়। আর অনিন্দ্য কৌশলের বাড়ি মিরসরাই উপজেলায়। অনিন্দ্য ৩০তম বিসিএস এবং ইমন ৩৩ তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।
ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কাশ্মীরে বেড়াতে গিয়ে সব শেষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের নয় নম্বর ঘাটের কাছে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি হাউজবোটে আগুন লাগে এবং পরে তা পাশে নোঙ্গর করে রাখা আরও চারটি হাউজবোটে ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া পাঁচটি হাউজবোটের মধ্যে একটিতে তিন বাংলাদেশি পর্যটক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন সাতজন।


