প্রাইম ভিশন ডেস্ক »
মাঠ, গ্যালারি দুই জায়গায়ই ছিল সমান উত্তাপ। তবে সব ছাপিয়ে সুপার ক্লাসিকোয় জয়ের হাসি হাসল আর্জেন্টিনা। আজ বুধবার সকালে ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে আলবেসেলিস্তরা। মারাকানার ম্যাচটিতে জয়সূচক গোলটি করেন নিকোলাস ওয়ামেন্ডি।
এ জয়ে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে আবারও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করল আর্জেন্টিনা। সাত ম্যাচে ছয় জয়, এক হারে তাদের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ২-এ নেমে গেছে উরুগুয়ে। সাত ম্যাচে দুই জয়, চার হার ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৬-এ আছে ব্রাজিল।
উত্তাপ ছড়ানো ম্যাচে ৪২টি ফাউলের ঘটনা ঘটেছে। যেখানে ব্রাজিল একাই করেছে ২৬টি। ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে ফাউল ও কার্ডের ছড়াছড়ি চলতে থাকে।
মারাকানায় ঘরের মাঠে ম্যাচের ২ মিনিটের মাথায় আর্জেন্টাইন রক্ষণকে চমকে দেওয়ার চেষ্টা করেছিলেন বার্সেলোনা তারকা রাফিনহা। তবে রেফারি সেটি বাতিল করে দেন। ঘড়ির ৬ মিনিটে বল পেয়ে রদ্রিগো ডি পলকে ড্রিবল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন জেসুস। কিন্তু তার হাত গিয়ে লাগে ডি পলের মুখে। ফলে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্সেনাল তারকা। ম্যাচের ১৩তম মিনিটে আবারও ডি পল ফাউলের শিকার হন। এবার করেন রাফিনহা, ফলে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। প্রথম ১৮ মিনিটেই ব্রাজিল ফাউল করে ৮টি।
ম্যাচের ২৬ মিনিটে গিয়ে প্রথমবারের মতো বল পায়ে আক্রমণে ওঠেন মেসি। কিন্তু সেখান থেকে গোলের কোনো সম্ভাবনা তৈরি করতে পারেননি ইন্টার মায়ামি তারকা। ৩৩ মিনিটে অ্যালিসন বেকারের ট্রেডমার্ক পাস থেকে বল পেয়ে এগিয়ে যান মার্তিনেল্লি। কিন্তু আর্জেন্টাইন ডি-বক্সের কাছাকাছি এসে বলের নিয়ন্ত্রণ হারান তিনি।


