Homeএই মুহুর্তেসৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে নিজ দল থেকে বহিষ্কার

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে নিজ দল থেকে বহিষ্কার

প্রাইম ভিশন ডেস্ক »

দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’র চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

আজ রবিবার দলটির নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দলের নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ব্যতীত যুক্তফ্রন্ট নামে নির্বাচনী জোটে যোগদান করায় দলের দুই তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমকে বাংলাদেশ কল্যাণ পার্টির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। পরে পুনর্গঠিত নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দলীয় নীতি নৈতিকতা ও আদর্শকে উপেক্ষা করে ব্যক্তিগত লোভ ও স্বার্থসিদ্ধির জন্য যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় দলের সাবেক মহাসচিব আব্দুল আউয়াল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবকেও পার্টি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ৪১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কল্যাণ পার্টির নবগঠিত কমিটিতে পাঁচজন ভাইস চেয়ারম্যান, একজন অতিরিক্ত মহাসচিব, ৮ জন যুগ্ম মহাসচিব, ৬ জন সহকারী মহাসচিব ও ১৯ জন সদস্য করা হয়েছে। নতুন কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে রাজপথে থাকবে।

বহিষ্কারের বিষয়ে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম গণমাধ্যমকে বলেন, ‘গঠনতন্ত্র অনুসরণ করে পদক্ষেপ নিলে ভালো। তারা ১২ দলীয় জোটের সঙ্গে থাকলে কোনো সমস্যা নাই। তবে কল্যাণ পার্টি নামটি ব্যবহারের আগে নির্বাচন কমিশনের জারি করা বিধিমালা সম্পর্কে যেন তারা সবাই অবগত থাকেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়