প্রাইম ভিশন ডেস্ক »
সদ্য বিদায়ি জানুয়ারি মাসে সাত মাসের মধ্যে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ মাসে রেমিট্যান্স এসেছে ২.১০ বিলিয়ন বা ২১০ কোটি ডলার। গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২.১৯ বিলিয়ন ডলার। এরপর জানুয়ারিতে এলো সর্বোচ্চ রেমিট্যান্স।
রেমিট্যান্স কেনার ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কেনা যাচ্ছে। এ কারণে রেমিট্যান্স বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
রেমিট্যান্স বাড়লেও রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এর আগের দিন বুধবার শেষে রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারের ওপরে।
২০২১ সালের আগস্টে রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়নের ওপর উঠেছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে রিজার্ভ কমেছে।
তবে দেশের বাইরে শ্রমিক যাওয়ার তুলনায় রেমিট্যান্স বেড়েছে কম। ২০২৩ সালে রেকর্ড ১৩ লাখের বেশি শ্রমিক দেশের বাইরে যান। গত বছর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৯২ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র ৬৩ কোটি ডলার বা ২ দশমিক ৮৮ শতাংশ বেশি।
রেমিট্যান্সের এ পরিমাণ অবশ্য ২০২১ সালের তুলনায় কম। মূলত হুন্ডিতে ব্যাপক চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে আশানুরূপ হারে রেমিট্যান্স বাড়ছে না।


