প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামের হোটেল-রেস্টুরেন্টগুলোতেও অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানে অগ্নিঝুঁকিতে থাকা হোটেল-রেস্টুরেন্টের পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক ভবনের অগ্নিঝুঁকি নির্ণয় করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
জানা গেছে, সপ্তাহব্যাপী অভিযানে কোথাও কোনো ত্রুটি খুঁজে পেলে তা শোধরাতে সময় দেওয়া হবে। এর মধ্যে না শোধরালে দেওয়া হবে নোটিশ। এরপরও সংশোধন না হলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম দফতরের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, অভিযানে আবাসিকে রেস্টুরেন্ট চালুর অনুমতি নেয়া হয়েছে কি-না, যে ভবনে রেস্টুরেন্ট চালু করা হয়েছে সেখানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন, ভবনে ফায়ার এক্সিট পয়েন্ট আছে কি-না এবং সিলিন্ডার সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে কি-না, এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। আবাসিকে গড়ে ওঠা হোটেল-রেস্টুরেন্টের পূর্ণাঙ্গ তালিকা করার পাশাপাশি কোথায় কি সমস্যা তা প্রতিবেদন আকারে তুলে ধরা হবে।
এর আগে, ২০২২ সালে নগরের চকভিউ সুপার মার্কেট, কেয়ারি শপিংমল, গুলজার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার মার্কেট, টেরিবাজার, তামাকুমন্ডি লেইন, কর্ণফুলী মার্কেটসহ চট্টগ্রামের ৪৩টি বাজার, মার্কেট-বিপণিবিতানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস।


