Homeএই মুহুর্তেযানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

যানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর এ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে থেকে মারা গেছেন এক রোগী। তার নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজন গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টায় স্বজনেরা আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টায় তারা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টায় তিনি মারা যান।

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের বাসের চালক রিপন মিয়া (৫৫) বলেন, ঢাকা-চট্টগ্রাম অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক। তাই এ মহাসড়কের দিকে প্রশাসনের সার্বক্ষণিক নজর রাখা উচিত। প্রচণ্ড গরমে নারী-শিশু-বৃদ্ধরা বাসে বসে শুধু ছটফট করেন।

সোনারগাঁর আশরিয়ারচরে ঢাকাগামী লেনে গতকাল সকাল আটটায় সংস্কারকাজ শুরু হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানান মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম। তিনি জানান, যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়