প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন বাইক কিনে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই তরুণের। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাউজানেও সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। তাদের বাড়ি উপজেলার মঘাদিয়া ইউনিয়নে।
আজ শনিবার সকালে মিরসরাই থানার এএসআই সঙ্গীতা মালাকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনদের বরাতে তিনি জানিয়েছেন, রাতে উপজেলার বারইয়ারহাট বাজার থেকে মোটরসাইকেল কেনেন দুই বন্ধু তালাত ও আব্দুল্লাহ। নতুন বাইকে করে বাড়ি ফিরছিলেন তারা। বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তালাত। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ।
এএসআই সঙ্গীতার ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিয়ের স্বপ্ন নিয়ে দিন শুরু করেছিলেন অপু দাশ (২৯)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাউজানের বাগোয়ান এলাকার গঙ্গা মন্দিরে তাকে পাত্রী দেখানো হয়। বিয়ের বিষয়ে পরিবারের মধ্যে প্রাথমিক কথাবার্তাও হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই সেই আনন্দ পরিণত হয় শোকে। হাসপাতালের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অপু। বিয়ের পিঁড়িতে আর বসা হলো না তার।
শুক্রবার রাত ৮টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন কাতালপীর শাহ দরগাহের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু দাশ রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের উত্তর সাবেক রাঙ্গুনিয়া গ্রামের বাঘার বাড়ির মৃত বাদল দাশের একমাত্র ছেলে। তিনি রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকার দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন অপু। কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাকে মোটরসাইকেলসহ সড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়।
গুরুতর আহত অপুকে উদ্ধার করে প্রথমে দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহত অপুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


