শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইসরায়েলি হামলার পরও অক্ষত ইরানের পারমাণবিক কর্মসূচির বেশির ভাগ

ইসরায়েলি হামলার পরও অক্ষত ইরানের পারমাণবিক কর্মসূচির বেশির ভাগ

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরায়েল গতকাল শুক্রবার সকাল থেকে ইরানে ব্যাপক হামলা চালায়। এতে অন্তত একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও পারমাণবিক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এই বিধ্বংসী হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচির অনেকাংশই অক্ষত রয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি ভূগর্ভস্থ পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের লক্ষ্য হলেও ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করাও ইসরায়েলের দীর্ঘদিনের অভিযানের অংশ। যার লক্ষ্য পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় পারমাণবিক সক্ষমতা নষ্ট করা। তবে মজার ব্যাপার হলো—ইসরায়েল হামলার প্রথম ধাপে ইরানের বোমা তৈরিতে সক্ষম গ্রেডের (নিয়ার বম্ব গ্রেড ইউরেনিয়াম) পারমাণবিক জ্বালানির সবচেয়ে সম্ভাব্য মজুতস্থলে আঘাত হানেনি এবং এটি ইচ্ছাকৃতই হতে পারে।

আন্তর্জাতিক পরিদর্শকদের মতে, এই মজুতটি ইস্পাহানের প্রাচীন সাবেক রাজধানী শহরের বাইরের এক বিশাল কমপ্লেক্সে সংরক্ষিত আছে। ইসরায়েলের ১০০টি যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম দফা ইস্পাহান থেকে বেশ দূরে ছিল। কিন্তু এটি দেশের বৃহত্তম পারমাণবিক স্থাপনাগুলোর একটি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরানের গোপন অস্ত্র গবেষণা কর্মসূচির অন্যতম কেন্দ্র।

শুক্রবার বিকেলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে জানায়, দ্বিতীয় দফা হামলায় তারা ইস্পাহানে আঘাত হেনেছে, তবে জ্বালানি মজুতস্থলে নয়। এর পরিবর্তে, তারা ইউরেনিয়াম গ্যাসকে ধাতুতে রূপান্তর করার ল্যাবরেটরিগুলোতে মনোযোগ দিয়েছে। এটি অস্ত্র তৈরির শেষ ধাপগুলোর একটি। কিন্তু জ্বালানি যেখানে মজুত করা আছে, সেই এলাকায় আঘাত হানার বিষয়ে তারা কিছু জানায়নি।

হামলার কয়েক ঘণ্টা পরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শুক্রবার বলেন, ‘আমরা সম্প্রতি সেখানে জ্বালানি দেখেছি।’

ইসরায়েল কেন মজুতস্থল এড়িয়ে গেছে, তা একটি রহস্য। কারণ এটি ইরানকে দ্রুততম সময়ে একটি ছোট পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে। শুক্রবার সকালে হামলার আদেশ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তির মূল বিষয়ই এটি ছিল। তিনি বলেন, ‘ইরান নয়টি আণবিক বোমার জন্য যথেষ্ট উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে।’

নেতানিয়াহু আরও বলেন, এই মজুত যে বিপদ সৃষ্টি করেছে, তা তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে ইরান এমন পদক্ষেপ নিয়েছে যা তারা আগে কখনো নেয়নি, এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করার পদক্ষেপ।’ তিনি যুক্তি দেন, ইরানকে যদি থামানো না হয়, তবে তারা ‘খুব অল্প সময়ের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।’

ইসরায়েলি কর্মকর্তারা কেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতস্থল অক্ষত রেখেছেন, সে বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। সম্ভবত ইস্পাহান কমপ্লেক্স ইসরায়েলের পরবর্তী ধাপের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেছেন, ‘আরও অনেক কিছু আসছে’ এবং পরবর্তী হামলাগুলো হবে ‘নিষ্ঠুর।’

তবে বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েল ইচ্ছা করেই ইস্পাহান এড়িয়ে গেছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের জন উলফস্টাল বলেন, ‘ইসরায়েল ইস্পাহানের পরিচিত ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্রে বোমা হামলা না করার বিষয়টি ইঙ্গিত করে যে, হয় বিবি (নেতানিয়াহু) বোমা হামলা তেজস্ক্রিয়তার ঘটনা ঘটাতে পারে বলে চিন্তিত ছিলেন অথবা তারা মনে করেন, এটি ইরানকে স্বেচ্ছায় ইউরেনিয়াম মজুত ত্যাগ করতে পরিচালিত করবে।’

তেজস্ক্রিয়তার ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাস্তব। বর্তমান অবস্থায় জ্বালানি মজুতস্থলে বোমা হামলায় হয়তো পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে না। তবে এটি জ্বালানি পরিবেশে ছড়িয়ে দিতে পারে, যা তেজস্ক্রিয় বিকিরণের বিপদ সৃষ্টি করবে।

ইতিহাস ইঙ্গিত করে যে, ইসরায়েল তেজস্ক্রিয় পদার্থ অবমুক্তির ঝুঁকির প্রতি অত্যন্ত সংবেদনশীল। ১৯৮১ সালে সাদ্দাম হোসেনের ওসিরাক পারমাণবিক চুল্লিতে বোমা হামলার সময় ইসরায়েল জ্বালানি চুল্লিতে প্রবেশ করানোর আগেই হামলা চালায়। সিরিয়ার একটি কেন্দ্রে উত্তর কোরিয়ানদের দ্বারা নির্মিত একটি প্ল্যান্টে হামলা করার সময়ও তারা একই কাজ করেছিল, যদিও সেই ক্ষেত্রে ইসরায়েল বোমা হামলার দায়ভার কয়েক মাস ধরে গোপন রাখার চেষ্টা করেছিল। শুক্রবার সকালে ইরানে হামলায় তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে—তারা ইরানকে ইউরেনিয়ামের বোমা-গ্রেড স্তরে (৯০ শতাংশ) আরও সমৃদ্ধ করা থেকে আটকাতে পারবেন। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান অনুযায়ী, এই প্রক্রিয়াটি মাত্র কয়েক দিন বা সপ্তাহ সময় নেবে।

এদিকে, ইসরায়েলি হামলার অন্যতম মূল লক্ষ্য ছিল ইরানের বৃহত্তম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ। এই কেন্দ্রের বিষয়ে গ্রসি বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ যদি নাতাঞ্জ অচল হয় তবে ইরানের সেরা বিকল্প হবে পারমাণবিক জ্বালানি ফোরদোতে ছোট সমৃদ্ধকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া। এই কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের ঘাঁটিতে অবস্থিত।

গ্রসির অনুমান এই কেন্দ্রটি ভূপৃষ্ঠ থেকে প্রায় আধা মাইল গভীর এবং এই ঘাঁটি ইসরায়েলের বাংকার-ব্লাস্টার বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা হামলায় যোগ দেবে না। ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দেওয়া বাংকার ব্লাস্টারও ব্যবহার করতে পারবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়