Homeএই মুহুর্তেহাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই কর্মী হত্যার ঘটনায় মামলা

হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই কর্মী হত্যার ঘটনায় মামলা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই কর্মী অপি দাশ (৩৫) ও মো. তানিম হোসেন (১৮) হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে নিহত অপি দাশের বাবা মিন্টু কুমার দাশ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি করেন। মামলায় সুদীপ্ত মহাজন (২৩) নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া রোববার রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় মো. তানিম হোসেনের সঙ্গে অভিযুক্ত সুদীপ্ত মহাজন ও তার সঙ্গীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে গড়ালে দুর্বৃত্তরা তানিমকে ছুরিকাঘাত করে।

এ সময় অপি দাশ তাদের আটকাতে গেলে ঘাতকরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহত তানিম মির্জাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। অপি দাশ চিকনদন্ডী ইউপির চৌধুরীহাটের মিন্টু কুমার দাশের ছেলে।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তানিম হোসেনের মৃত্যু হয়।

ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়