প্রাইম ভিশন ডেস্ক »
গণভোট নিয়ে এখনো মানুষ বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’- মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। সংস্কারের জন্য অনেক পণ্ডিত বিদেশ থেকে এসেছেন। ৮-৯ মাস সংস্কারের সবশেষে যেটা বলেছে পিআর, সেটা আমরাই ঠিকমতো বুঝি না, সাধারণ মানুষের জন্য আরও কঠিন। গণভোট করবেন একটি ব্যালটে চারটি প্রশ্ন, এখনও মানুষ বুঝতে পারছে না, শেষদিন পর্যন্তও বুঝতে পারবে না।’
তিনি আরও বলেন, ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।
এসময় এতো মুসলমানের দেশ উল্লেখ করে বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এতো মুসলমানের দেশ, এতো মাদ্রাসা, মসজিদ, এতো ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এতো অন্যায় কেন? এতো পাপ কেন? কেন মানুষ এতো চুরি করে? এতো দুর্নীতি করে? আমার সম্পদ বিদেশে পাচার করে দেই? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ- সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?


