প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশের ফ্রি ট্রেড জোনগুলোতে এক পৃষ্ঠার লাইসেন্সে বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
বৃহস্পতিবার (৯ জুলাই) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বি-টু-বি ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
চেম্বার সভাপতি বলেন, এই সহজ লাইসেন্সিং প্রক্রিয়া চালু করতে সরকার নীতিগতভাবে সম্মত। এই লাইসেন্স ব্যবহার করে কোম্পানিগুলো নিবন্ধিত হতে এবং কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তিনি আশা করেন, এই উদ্যোগটি বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধা কমাবে।
শতবর্ষী এই বাণিজ্য সংগঠনের সভাপতি বলেন, চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে।
কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠছে চায়না অর্থনৈতিক জোন ও ফ্রি ট্রেড জোন, মাতারবাড়ীতেও হচ্ছে আরেকটি ফ্রি ট্রেড জোন। এ ছাড়া চীন সরকারের সঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।
এ সব উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত করবে।


