Saturday, July 11, 2026
spot_img
Homeএই মুহুর্তেযশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক, চাপাতিসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার

যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক, চাপাতিসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর ঘর থেকে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, তাহসীনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। এ ছাড়া রাজধানীর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে তাঁর বিরুদ্ধে একটি মামলা থাকায় তাঁকে আটক করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, সিটিটিসির মামলার ভিত্তিতেই তাহসীনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকের সময় তাঁর ঘর তল্লাশি করে একটি চাপাতি, তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন নিজেকে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য বলে স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে তাহসীন জানিয়েছেন, যশোরে সংগঠনটির অন্য কোনো সদস্য নেই। পুলিশেরও দাবি, এ সংগঠনের কোনো সাংগঠনিক কার্যক্রম বর্তমানে যশোরে পাওয়া যায়নি।

উল্লেখ্য, শাহ আমানত সাবির প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।

এর আগে ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। ওই সময় সিটিটিসি জানায়, গ্রুপটির নেটওয়ার্ক দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত। পুলিশের দাবি, তাঁদের সঙ্গে আফগানফেরত উগ্রপন্থীদের যোগাযোগ রয়েছে এবং তাঁরা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আদলে বাংলাদেশে একটি উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টা করছিল। এসব অভিযোগের তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়