বন্যা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চট্টগ্রাম অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা এবং একই এলাকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতার বাইরে থাকা অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট জেলার নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।


