Homeএই মুহুর্তে৪ জেলা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেনের প্রস্তাব

৪ জেলা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেনের প্রস্তাব

 

প্রাইম ভিশন ডেস্ক

মহানগর এক্সপ্রেসের রুট ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত ১৭ আগস্ট রেলভবনে এ প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি অনুমোদন পেলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

প্রস্তাব অনুযায়ী, ৭২১ ও ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা ছাড়বে এবং ভোর ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।

মহানগর এক্সপ্রেসের বিশেষত্ব হলো—ঢাকা-কক্সবাজার রুটে বর্তমানে চলাচলরত কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের তুলনায় এর যাত্রাপথে বেশি স্টপেজ রয়েছে। ট্রেনটি নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও কুমিরায় যাত্রাবিরতি করে।

ফলে প্রস্তাবটি বাস্তবায়িত হলে রাজধানী ও চট্টগ্রামের পাশাপাশি এসব স্টেশন থেকেও যাত্রীরা সরাসরি কক্সবাজার যেতে পারবেন। বিশেষ করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর সঙ্গে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ তৈরি হবে।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণের পর ২০২৩ সালের ডিসেম্বরে রেল নেটওয়ার্কে যুক্ত হয় কক্সবাজার। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল ও সৈকত ট্রেন চলাচল করছে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস মূলত বিরতিহীন, শুধু চট্টগ্রাম জংশনে যাত্রাবিরতি করে।

রেলওয়ের বাণিজ্যিক বিভাগ জানায়, এই রুটে প্রতিদিন ১০ থেকে ১১ হাজার যাত্রী যাতায়াত করেন।

এই রুটে নিয়মিত যাতায়াতকারী ও কক্সবাজারের একটি উন্নয়ন সংস্থার কর্মকর্তা আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি নিয়মিত চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাতায়াত করি। বর্তমানে এই রুটে চলাচলকারী দুটি ট্রেনেই নন-এসি কোচ রয়েছে। মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত বর্ধিত হলে যাত্রীরা এসি কেবিন ও এসি কোচে যাতায়াতের সুযোগ পাবেন, যা ভ্রমণকে আরও আরামদায়ক করবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা হারুনুর রশিদ  বলেন, ঢাকা-কক্সবাজার রুটটি রেলওয়ের জন্য লাভজনক। বর্তমানে ট্রেনগুলোতে আসন পূর্ণ থাকে এবং এ রুটে আরও টিকিটের চাহিদা রয়েছে। মহানগরের রুট বর্ধিত হলে যাত্রীদের সুবিধার পাশাপাশি রেলওয়ের রাজস্বও বাড়বে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়