প্রাইম ভিশন ডেস্ক
পানামার পতাকাবাহী একটি কার্গো বা মালবাহী জাহাজ গতকাল শনিবার ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল বা প্রায় ৪৪৫ কিলোমিটার দূরে ডুবে গেছে। এই জাহাজটিতে ২৪ জন ক্রু-নাবিক ছিলেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমভি ওশান-উইনার নামের জাহাজটি ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন, ওডিশা থেকে লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।
গতকাল শনিবার তথা ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে যে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযানে অংশ নিতে ভারতীয় কোস্ট গার্ডের বরদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। এ ছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ভিজিত নামের আরও একটি জাহাজও অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, তারা লাইফ র্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে। এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।


