প্রাইম ভিশন ডেস্ক
বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভুল করে মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন নবজাতক শিশুকে পুশ করার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পর মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন নবজাতককে দিতে গেলে শিশুটির মা নার্সকে বাধা দেন।
ইনজেকশনটি মায়ের জন্য দেওয়া হয়েছে বলে জানালেও নার্স তা না শুনে শিশুকে ইনজেকশনটি পুশ করেন। পরে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনআইসিইউতে রাখা হয়।
শিশুটির বাবা মো. হাসান বলেন, আমার স্ত্রী নার্সকে বলেছিল, ‘এই ইনজেকশনটি আমার জন্য, আমার বাচ্চাকে কেন দিচ্ছেন? কিন্তু নার্স উল্টো তাকে ধমক দিয়ে বলেন, আপনি কি আমার ডিউটি করেন? এরপর মায়ের নিষেধ সত্ত্বেও আমার নবজাতককে ইনজেকশনটি দিয়ে দেয়’।
তিনি আরও বলেন, ‘ওই নার্স মাত্র দুই মাস আগে এখানে যোগ দিয়েছে।
সে অনভিজ্ঞ হলে তাকে কেন এমন দায়িত্ব দেওয়া হলো? শুধু নার্সের বিচার করলে হবে না, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষেরও দায় আছে। আমাদের বাচ্চাকে জীবন-মৃত্যুর ঝুঁকিতে ফেলা হয়েছে’।
ঘটনার খবর পেয়ে পুলিশও হাসপাতালে যায়। পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে ভুল করে ইনজেকশন পুশ করার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা স্বীকার করেছেন।
সিএসসিআর কর্তৃপক্ষও ভুলের বিষয়টি স্বীকার করেছে। হাসপাতালের এমডি ডা. মোরশেদুল করিম চৌধুরী বলেন, খবর পাওয়ার পর আমরা দুইজন কনসালটেন্ট ডেকে আনি। তারা শিশুটিকে পরীক্ষা করেছেন। শিশুটি তখন কান্না করছিল এবং মায়ের দুধও খেয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটিকে আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, ১২ ঘণ্টা পরপর শিশুটির রক্ত পরীক্ষা করা হবে। বর্তমান অবস্থার সঙ্গে পরবর্তী অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা দেখা হবে। চিকিৎসকদের মতামত অনুযায়ী এখনই শিশুটিকে হাসপাতাল থেকে নেওয়া ঠিক হবে না। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।


