Homeমুল পাতাফোন নম্বর রেখে নিয়ে গেলেন বিদ্যুতের মিটার

ফোন নম্বর রেখে নিয়ে গেলেন বিদ্যুতের মিটার

প্রাইম ভিশন ডেস্ক

রংপুরের তারাগঞ্জে এক রাতেই চুরি হয়েছে চারটি বৈদ্যুতিক মিটার। এর মধ্যে একটি মিটার বোর্ডে মোবাইল নম্বর লিখে রেখে গেছেন চোর। সেই নম্বরে ফোন করতেই মিটার ফেরত দিতে চাওয়া হয়েছে ৫ হাজার টাকা।

গতকাল শনিবার রাতে এসব চুরির ঘটনা ঘটে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোদ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায়।

স্থানীয়রা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিলের একটি মিটার, ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের একটি মিটার এবং একই এলাকার তারিকুল ও মইনুলের আরও দুটি মিটার চুরি হয়েছে।

ভুক্তভোগী মাহে আলম বলেছেন, ‘একই রাতে চারটি মিটার চুরি হয়। পরে আমার চুরি হওয়া মিটার বোর্ডের গায়ে একটি মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোর। ওই নম্বরে যোগাযোগ করে মিটার ফেরত নিতে বলা হয়। পরে নম্বরটিতে কল করলে মিটার ফেরত দেওয়ার জন্য ৫ হাজার টাকা চাওয়া হয়।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি তারা জানতে পেরেছেন। চুরি যাওয়া মিটারগুলো উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়