প্রাইম ভিশন ডেস্ক »
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ২৬ জুলাই পর্যন্ত। আর ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আগের সময়সূচিতে ৬ জুলাই ছিল ফরম পূরণের শেষ দিন। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গিয়েছে।
এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের পুনর্নির্ধারিত সময় ২৭ জুলাই পর্যন্ত।
গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথমে ২২ জুন পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে তা ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।


