প্রাইম ভিশন ডেস্ক »
বান্দরবানে ছোট্ট মিয়া নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- উচিংনু মার্মা, উবা চিং মার্মা, চিং নু মং প্রকাশ হদা, মং নু মং প্রকাশ মং নু। তারা বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা। অপর আসামি মং থু প্রকাশ মং ক্যাসিং একই উপজেলার লুলাইন পুনর্বাসন পাড়ার বাসিন্দা। এছাড়া মামলায় আসামি রে অং মার্মার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি চিং নু মং প্রকাশ হদা আদালতে উপস্থিত ছিলেন। বাকী আসামিরা পলাতক।
জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ভুক্তভোগী ছোট্ট মিয়া চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দিয়াকুল এলাকার আনু মিয়ার ছেলে। তিনি গরুর ব্যবসায়ী হওয়ার সুবাদে এজাহার বর্ণিত ১নং আসামি উচিংনু মার্মার কাছ হতে দুই হাজার টাকা বায়না দিয়ে একটি গরু ক্রয় করেন। পরে ছোট্ট মিয়া ক্রয়কৃত গরু আনার জন্য বাকী টাকা নিয়ে রোয়াংছড়ি উপজেলাধীন হানসামাপাড়া বাজারে যাওয়ার পর নিখোঁজ হন।
পরে পুলিশ আসামি উচিংনু মার্মাকে ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া হতে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসামি জানান তিনি অপর আসামিদের সহযোগিতায় দা দিয়ে ছোট্ট মিয়ার গলা কেটে খুন করে লাশ মাটিচাপা দিয়েছেন। একইসঙ্গে গরু বিক্রির পাওনা ১২ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আসামি উচিংনু মার্মার বর্ণনামতে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ছোট্ট মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে।
এ ঘটনায় একইদিন ভুক্তভোগীর ভাই মো. আমজু মিয়া বাদী হয়ে বান্দরবান সদর থানায় এজাহার দায়ের করলে পুলিশ ২০০৭ সালের ৩১ ডিসেম্বর এ ঘটনায় উসিংনু মার্মা, উবা চিং মার্মা, রে অং মার্মা, চিং নু মং প্রকাশ হদা, মং নু মং প্রকাশ মং নু এবং মং থু প্রকাশ মং ক্যাসিংকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষের ১০ জনের সাক্ষ্য গ্রহণের পর এ রায় দেন।


