প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মো. আবদুল হালিম নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সূত্রে তথ্য পেয়ে গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
সরেজমিন দেখা যায় বেশকিছু ড্রামট্রাক দিয়ে মাটি কেটে পরিবহন করা হচ্ছিলো। অভিযানে ২টি ট্রাক আটক করা সম্ভব হয়। পরবর্তীতে আবদুলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি টিম।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ বিষয় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। টপসয়েল কর্তন বন্ধ না হলে সামনের দিনগুলোতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।


