প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ছাদখোলা ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে ভ্রমণপিপাসুরা উপভোগ করছে পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ভ্রমণপিপাসুরা বলছে, ছাদখোলা ট্যুরিস্ট বাস কক্সবাজার ভ্রমণকে অন্যমাত্রায় নিয়ে যাবে।
আর ট্যুরিস্ট বাস সংযোজনের মধ্যে দিয়ে কক্সবাজারের পর্যটন শিল্প আরও একধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার সকাল ১০টায় লাবণী পয়েন্টে থেকে শুরু হয় ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রা, যা গিয়ে থামে রেজুখাল পয়েন্টে। এরপর বিরতি দিয়ে আবার শুরু হয় যাত্রা।
মেরিন ড্রাইভের বেশ কয়েকটি পয়েন্ট ভ্রমণের পর বাস গিয়ে থামে টেকনাফের সাবরাংয়ে। এরপর পুরো দিন মেরিন ড্রাইভে কাটিয়ে সন্ধ্যায় ফের ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে ফেরে ভ্রমণপিপাসুরা।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, যাত্রী চাহিদা বাড়লে ছাদখোলা ট্যুরিস্ট বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। প্রথমদিকে দুটি বাস দিয়ে যাত্রা শুরু হলো। আশা করি, আরও দুটি ট্যুরিস্ট বাস খুব শিগগিরই যুক্ত হবে।
পর্যটক তৈয়ব হায়দার বলেন, দুই সন্তান আর আমরা স্বামী-স্ত্রী ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে এসে ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি।


