প্রাইম ভিশন ডেস্ক »
রাজবাড়ী শহরের বিনোদপুরে তানভীর শেখ (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর বিনোদপুরের বাবর আলী শেখের ছেলে। তিনি রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ডিম কেনার জন্য তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি দোকানে যায়। সেখানে ১০/১২ জনের একটি দুর্বৃত্ত দল তাদের পথরোধ করে দাঁড়ায়। তানভীরের সঙ্গে থাকা দুজনকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে তারা। এরপর তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন ছিল।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তানভীরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে সতর্ক আছে পুলিশ।


