প্রাইম ভিশন ডেস্ক »
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বাংলাদেশি কর্মীরা। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে মর্মে বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোন চুক্তি/সমঝোতা স্মারক (MOU) নাই।
এছাড়া, সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগর সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি/ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত না হওয়া এবং এদের সঙ্গে কোন ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়ার সাবাহ প্রদেশে গমনেচ্ছু কর্মীদেরকে অনুরোধ করা হচ্ছে।
সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি প্রাপ্ত হলে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।


