রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাঅক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করবে চসিক: মেয়র

অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করবে চসিক: মেয়র

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় শীতল ঝরনাখালের ওপর অবস্থিত পুরনো সেতুটি ধসে পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার সকালে সেতুটি ধসে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি সেতুটি পুনর্নির্মাণের ঘোষণা দেন।

পরিদর্শনকালে মেয়র জানান, “এই সেতুটি প্রায় ৫০ বছর পুরোনো। আমরা বর্ষার পরে এই প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা করেছিলাম। প্রকল্পটির ব্যয় হতে পারে আট থেকে নয় কোটি টাকা। বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করব।”

তিনি আরও বলেন, “এটি এক বছরের মধ্যে নির্মাণ করা হবে। পুরনো সেতুটির জায়গায় ২০ ফুট প্রশস্ত ব্রিজের পরিবর্তে ৬০ ফুট প্রশস্ত একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে ভারী যানবাহনের চাপেও সেটি ক্ষতিগ্রস্ত না হয়।”

এসময় মেয়র জনগণকে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছি ভারী যান চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করতে। ডিসি ট্রাফিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই নাসিরাবাদ হয়ে একটি অল্টারনেটিভ রোড প্রস্তুত করেছেন, যেখানে ভারী যানবাহনগুলো চলবে। অক্সিজেন এলাকা দিয়ে শুধুমাত্র হালকা যান চলাচল করবে।”

পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়