রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাপ্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, টেকনাফে আটক ৩

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, টেকনাফে আটক ৩

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানান, ভোর ৪টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে টেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলা পাওয়া যায়। পোটলাগুলো খুলে প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তর পাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার বাসিন্দা মোসাম্মৎ বিউটি (২৭) ও মোসাম্মৎ মাহিম (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোনও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়