প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোর পৌনে ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত হেগেরা চাকমা প্রসিত খিসা সমর্থিত ইউপিডিএফ-এর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনো ছড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমা ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
এলাকাবাসীর দাবি, নিহত হেগেরা চাকমা ওই এলাকায় ইউপিডিএফ (মূল) দলের ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন। অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে দুর্গম ওই পাহাড়ি জনপদে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে পুলিশের বেগ পেতে হচ্ছে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেকে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ সদস্যরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। পুলিশ সেখানে পৌঁছালে এবং আইনি প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


