প্রাইম ভিশন ডেস্ক »
বনানী নিজ বাসায় র্যাবের অভিযান, গ্রেপ্তার ও কারাবাসের কঠিন অভিজ্ঞতার কথা দীর্ঘদিন পর সামনে এনেছেন চিত্রনায়িকা পরীমনি। সেসময় বাহিনীটির অভিযানকে অন্যায় ও বেআইনি দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের এই সংক্রান্ত বক্তব্যের পর গতকাল শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরেছেন।
কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরীমনি লিখেছেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও খাইরুল ইসলাম কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন।
‘এর মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে, তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে বিশেষ মহলের স্বার্থে তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল’, লিখেছেন পরী।
চিত্রনায়িকা পরীমনি উল্লেখ করেন, সে সময় মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে টানা ২০ দিন কারাগারে রাখা হয়। সেই অভিজ্ঞতা তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা পুরোপুরি বোঝা কারও পক্ষে সম্ভব নয়।
পরীমনি আক্ষেপ করে বলেছেন, ‘যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন সাধারণ নারী শিল্পীর জীবন বিপর্যস্ত করা হয়েছে।’
‘এবার হয়তো রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে আদালত আমাকে অব্যাহতি দেবেন। কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য ও বিভ্রান্তিকর ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে’, প্রশ্ন তোলেন পরী।
ঢালিউডের এই নায়িকা জানান, তিনি কখনো বিতর্কিত মানুষ হিসেবে পরিচিত হতে চাননি, একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছেন।
এত দিন পর কোনো ক্ষোভ বা প্রতিশোধ নয়, বরং সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলছেন উল্লেখ করে পরীমনি বলেছেন, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অন্যায়ের শিকার না হন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা যেন অটুট থাকে।
কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই বাকি জীবন বাঁচতে চাই।
এর আগে ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এদিন ৪টায় র্যাব পরীমনির বাসায় অভিযানে যায়। পরীমনি সেময়ও ফেসবুকে লাইভে এসে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।


