প্রাইম ভিশন ডেস্ক »
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মোমিনুল হক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে আলোচনার পর নিজের সিদ্ধান্তের কথা জানান মোমিনুল।
আলোচনা থেকে বেরিয়ে মোমিনুল বলেন, ‘আমি সভাপতিকে বলেছিলাম, অধিনায়ক হিসেবে কিছু সিরিজে আমি অবদান রাখতে পারবো না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে, দলকে অনুপ্রাণিত করতে পারব না। আমি বিশ্বাস করি, এখন অন্য কাউকে অধিনায়কত্ব দেয়ার সময় এসেছে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং এখন তারা কি সিদ্ধান্ত নিবে, এটা তাদের ব্যাপার।’
ব্যাট হাতে খুবই খারাপ সময় যাচ্ছে মোমিনুলের। গত ১৫ ইনিংসে মাত্র তিনবার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন তিনি। এমন ফর্ম তার অধিনায়কত্বের উপর প্রভাব ফেলেছে।
সম্প্রতি অধিনায়কত্ব থেকে মোমিনুলকে সরিয়ে দেয়ার আহ্বান উঠেছিল। ফলে, বিসিবি উচ্চপদস্থ ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন।
মোমিনুল বলেন, ‘আপাতত, আমি আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চাই। একটি বোর্ড মিটিং আছে, যেখানে তারা টেস্ট অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নিবে।’


